আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত ফাইল ছবি

বাংলাদেশ, ভারত, চীনসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন শুল্কের আওতায় চীনা পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ, ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ এবং অন্য দেশ ও অঞ্চলের পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগে হওয়া কিছু বাণিজ্যিক সমঝোতার কারণে নির্দিষ্ট ক্ষেত্রে শুল্কের কার্যকর হার কম হতে পারে।

এর আগে গেল মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি ও কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত আগের ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর এ তদন্ত শুরু হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ‘৩০১ ধারা’র আওতায় তদন্তের জন্য চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারতকে তালিকাভুক্ত করা হয়েছে।

৩০১ ধারার আওতায় বিদেশি সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড খতিয়ে দেখা হয়। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা যাচাই করা হয়।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক ক্ষেত্রে তা কার্যকর করেছেন। তার দাবি, শুল্কনীতি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে শক্তিশালী করবে এবং কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে।

তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, আমদানি শুল্কের প্রভাবে পণ্যের দাম বাড়তে পারে, মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে এবং বিশ্ব বাণিজ্যে প্রতিবন্ধকতা বাড়তে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন