পাকিস্তান থেকে নিত্যপণ্য আমদানি করবে টিসিবি
পাকিস্তান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন (টিসিবি) ও পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে।
আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি সইয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারের সই করার কথা রয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাণিজ্যের পরিমাণ বাড়ানোই এই সমঝোতার মূল উদ্দেশ্য। এর আওতায় কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি আমদানি-রপ্তানি করবে দুই দেশ। তবে সব ধরনের লেনদেন হবে প্রতিযোগিতামূলক দামে।
তিনি বলেন, পাকিস্তান তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পাকিস্তান থেকে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এসব পণ্যের পরিমাণ, ক্রয়মূল্য ও সরবরাহের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই উদ্যোগের ফলে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা ও ৪ হাজার ৪০০ টন খেজুর।
টিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের অর্ধেক স্থানীয় বাজার থেকে এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে কেনাকাটার পরিমাণ আরও বাড়ানো হতে পারে।
এসি//