সচিবালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব
বাংলাদেশ সচিবালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের তিন উপসচিব। তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে এ দায়িত্ব দিয়েছে সরকার।
এ বিষয়ে গত ২৩ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
ক্ষমতাপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) ও মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)। তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুসারে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী আদালত পরিচালনার ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
তবে তিন কর্মকর্তার জন্য নির্ধারিত আইনের ধারা আলাদা। উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।
অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় আদালত পরিচালনা করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত থাকা অবস্থায় এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তাঁর অধিক্ষেত্রে অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আদালত পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিস্তারিত বিবরণ নির্ধারিত ছকে প্রতি মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসি//