রিয়াদে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুতিদের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে হুতিরা। এতে ভবনটির কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হামলার পর ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে সৌদি সিভিল ডিফেন্স।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, হামলায় ভবনটির একাধিক তলা এবং আশপাশের কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটি বেসামরিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে এ ধরনের হামলার ফলে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি নিয়েও সতর্ক করেছে তারা।
ঘটনার পর মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রিয়াদে বেসামরিক, অর্থনৈতিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে, দেশের ভূখণ্ড ও সম্পদের ওপর যেকোনো হামলা মোকাবিলায় পদক্ষেপ নিতে প্রস্তুত দেশটি।
হুতিদের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
সূত্র: আরব নিউজ
এমএ//