বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুতিদের
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, সরকারি বাহিনীর সমর্থক যোদ্ধাদের ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে তারা।
সোমবার (১৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভি এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালির পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশের খারাজ জেলা থেকেও ইয়েমেনের সরকারি বাহিনীর যোদ্ধাদের হটিয়ে দিয়েছে গোষ্ঠীটি।
এছাড়া লাহিজের কাওয়াহ সামরিক শিবির লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও জানিয়েছে তারা।
এর আগে রোববার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী জানিয়েছিল, বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।
অন্তর্বর্তী রাজধানী এডেনকে হুতিদের সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা।
তবে হুতিদের প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবির পক্ষে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এমএ//