সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত
সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত ২ টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান আজ (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। একই ঘটনায় কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আই/এ