অর্থনীতি

চাল-সবজির বাজারে অস্থিরতা, মুরগি-ডিমে স্বস্তি

শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম এখনো চড়া। চাল ও কয়েক ধরনের সবজির মূল্যবৃদ্ধিতে চাপে রয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। তবে মুরগি ও ডিমের বাজারে দাম স্থিতিশীল রয়েছে। মাছের বাজারেও কয়েক ধরনের মাছ তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগেও দাম ছিল ২৫ থেকে ৩৫ টাকা। শিমের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের কেজি ২০ টাকা বেড়ে ৭০ থেকে ৯০ টাকায় দাঁড়িয়েছে। পটোল ও ঢ্যাঁড়শের দামও কেজিতে ১০ টাকা করে বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলু প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা এবং পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি আগের মতোই রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সবজি সরবরাহ কমেছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং শীতকালীন সবজির দামও কমতে পারে। এদিকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কমেছে, ফলে বিক্রিও আগের তুলনায় কম বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমানে নাজিরশাইল চাল সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। গত ১৫ থেকে ২০ দিনে এ চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। এখন প্রতি কেজি নাজিরশাইল ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে দাম ছিল প্রায় ৮৫ টাকার আশপাশে।

বাজারে বহুল বিক্রীত সরু জাতের মিনিকেট এবং মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চালের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে মিনিকেটের কেজিতে প্রায় ২ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চালের কেজি ৫৬ থেকে ৬২ টাকা।

অন্যদিকে, পোলাও চালের দাম কিছুটা কমেছে। খোলা পোলাও চাল এখন কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাস আগে দাম ২০০ টাকার বেশি ছিল। প্যাকেটজাত পোলাও চাল অবশ্য এখনো ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিম ও মুরগির বাজারে সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকা।

মাছের বাজারে কয়েক ধরনের মাছ তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। তেলাপিয়া ও পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। রুই মাছের কেজি ৩৪০ থেকে ৩৮০ টাকা। সামুদ্রিক বাইলা ও পোয়া মাছের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি। লইট্যা মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে।

তবে টেংরা মাছের কেজি ৬০০ টাকা এবং প্রকারভেদে কই মাছ ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। শিং মাছের দাম আরও বেশি, প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন