জাতীয়

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন তিনি।

সফরের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন