বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
‘দ্য মুসলিম ৫০০’ নামের এই প্রকাশনার ১৮তম সংস্করণে বাংলাদেশের আরও দুজন স্থান পেয়েছেন। তারা হলেন মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা আইনজীবী রাজিয়া সুলতানা।
রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে ভূমিকার স্বীকৃতি হিসেবে তালিকায় রাখা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে।
অন্যদিকে নারী অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য ড. হামিদা হোসেন এবারও জায়গা পেয়েছেন। তিনি আগের সংস্করণগুলোতেও তালিকাভুক্ত হয়েছেন। এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পেয়েছেন আইনজীবী রাজিয়া সুলতানা।
এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন তালিকায় তার নাম নেই।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। এতে প্রথম ৫০ জনকে প্রভাবের ক্রমানুসারে সাজানো হয়েছে। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে ভাগ করা হয়েছে।
এবারের তালিকায় বাংলাদেশের তিনজনই রয়েছেন এই ৪৫০ জনের মধ্যে।
এসি//