জাতীয়

কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের নেতাদের এক মঞ্চে নিয়ে এসেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আন্তালিয়ায় চলমান এ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

তিন দিনের সফরে বুধবার সকালে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। দিনভর উদ্বোধনী অধিবেশন ও পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বুধবার রাতে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে রূপান্তরমূলক হিসেবে দেখছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তারা।

হুমায়ুন কবির জানান, সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এসব বৈঠক ও সাক্ষাৎ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আঞ্চলিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তারেক রহমান। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া লন্ডনের মেয়রের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে মেয়র তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন