রাজধানী

রাজধানীতে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, ৩ ইউনিট বন্ধ

 রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করেছে বিএসটিআই। এ সময় জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, গত ১৭ ও ১৮ নভেম্বর বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের উদ্যোগে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ, কাফরুল, খিলক্ষেত, মিরপুর, মতিঝিল ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দুই দিনে পরিদর্শন করা ১২টি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে পরিমাপে অনিয়ম পাওয়া যায়। অপর নয়টি পাম্পের পরীক্ষিত ডিসপেন্সিং ইউনিটগুলোর পরিমাপ সঠিক পাওয়া যায়।

বিএসটিআই জানিয়েছে, ১৭ নভেম্বর রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থিত কসমো ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। একই দিনে তুরাগের ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার জ্বালানি তেল বেশি পাওয়া যায়। পরিমাপে অনিয়মের কারণে ইউনিট দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন মোট নয়টি পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়।

আজ রাজধানীর মিরপুর, মতিঝিল ও মালিবাগ এলাকায় আরও তিনটি পেট্রোল পাম্পে  অভিযান পরিচালনা করে বিএসটিআই। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টারের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। অনিয়মের কারণে সংশ্লিষ্ট ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের সার্ভিল্যান্স অভিযান অব্যাহত থাকবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন