দেশজুড়ে

নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত নাতি জামাই ভাঙলো বৃদ্ধের লাঠি, থানায় অভিযোগ

নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত হয়ে নানা শ্বশুরের হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে মো. রব্বানী গাজী নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. রব্বানী গাজী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই। উভয়ের বাড়ি বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকায়।

 সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন মাওলানা সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং একপর্যায়ে বৃদ্ধের চলাচলের অবলম্বন হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

অভিযোগকারী আরও উল্লেখ করেন, বার্ধক্যজনিত কারণে তাঁর হাঁটাচলায় এমনিতেই যথেষ্ট কষ্ট হয়। লাঠি ভেঙে দেওয়ার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় তাঁকে পথে-ঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং যে কোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। এতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।

ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বায়ান্ন টিভিকে বলেন, “ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’’।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন