আন্তর্জাতিক

ইরানের সংগ্রাম ও সাফল্যের প্রধান শক্তি নামাজ: মোজতবা খামেনি

নামাজকে ইরানি জাতির বর্তমান সংগ্রাম, বিজয় ও সাফল্যের অন্যতম প্রধান শক্তি ও ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) মাশহাদে পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৩তম জাতীয় নামাজ সম্মেলনে পাঠানো এক বার্তায় এ কথা বলেন তিনি। সম্মেলনে তার বার্তাটি পড়ে শোনানো হয়।

বার্তায় মোজতবা খামেনি নামাজকে মহান আল্লাহর অন্যতম বড় নিয়ামত এবং ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।

তার মতে, নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। একই সঙ্গে এটি মানুষের প্রবৃত্তি ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায় এবং মনে আশা, ভালোবাসা ও প্রশান্তি তৈরি করে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নামাজ শুধু ব্যক্তিগত ধর্মীয় দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর সামাজিক গুরুত্বও রয়েছে।

পবিত্র কোরআনের একটি আয়াতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্ষমতা ও সামর্থ্য অর্জনের পর সৎকর্মশীলদের অন্যতম প্রধান দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে ইরানি জাতির সামনে থাকা সংগ্রামের ক্ষেত্রেও নামাজ প্রতিষ্ঠা ও এর চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব বাড়ানোর আহ্বান জানান মোজতবা খামেনি। পরিবার, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্বসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নামাজের প্রচার ও প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালনের কথা বলেন তিনি। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের সঙ্গে যারা কাজ করেন, তাদের দায়িত্ব আরও বেশি বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমাজজুড়ে নামাজকে প্রতিষ্ঠিত ও সর্বজনীন করার পাশাপাশি তা যথাযথভাবে আদায়ের জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মসজিদগুলোকে আরও সক্রিয় করা এবং জামাত ও জুমার নামাজের পরিসর বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে জামাত ও জুমার ইমামদের মানুষের পাশে থেকে তাঁদের কথা শোনার আহ্বান জানান।

বার্তার শেষদিকে ইরানি জনগণ ও দেশের জন্য সাফল্য কামনা করেন মোজতবা খামেনি। মহান আল্লাহর অনুগ্রহ ও ইমাম মাহদির দোয়ার মাধ্যমে ইরানি জনগণ নামাজ প্রতিষ্ঠা এবং এর আধ্যাত্মিক কল্যাণ ও বরকত লাভে সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন