১০০ রাকাত নামাজ পড়ে বিকেলে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেপ্তার
চট্টগ্রামের মীরসরাইয়ে চুরির অভিযোগে মো. ফজলুল করিম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। ভুল বুঝতে পেরে ভালো হওয়ার অঙ্গীকার করলে স্থানীয় লোকজন শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তওবা করিয়ে ছেড়ে দেন। কিন্তু ওই দিন রাতে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ (১৮ জুলাই) জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান , মোবাইল ফোন ও একটি লেডিস ব্যাগ চুরির অভিযোগে ফজলুল করিমকে আটক করেন স্থানীয়রা। এ সময় ভবিষ্যতে আর কখনও চুরি কিংবা অসৎকাজে জড়াবেন না বলে অঙ্গীকার করেলে স্থানীয়রা ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তওবা করতে বলে ছেড়ে দেন। ওই রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও বিক্রির অভিযোগে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তার ফজলুল করিম জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
ওসি মো. আব্দুল হালিম বলেন, গতকাল রাতে তার বাড়িতে অভিযান চালালে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। চুরির পাশাপাশি মাদক ব্যবসায়ও জড়িত তিনি। আজ দুপুরে মাদকের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আই/এ