আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ক্ষতিপূরণ ইসরায়েলের কাছ থেকে আদায় করবেন ট্রাম্প

যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বছরের পর বছর সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, এবার সেই দেশটির কাছ থেকেই যুদ্ধের খরচ আদায়ের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না—এমন দাবি করে দেশটির কাছে বিপুল অঙ্কের অর্থ দাবি করতে চান তিনি। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সুরক্ষা পাওয়া অন্য দেশগুলোর কাছ থেকেও অর্থ আদায়ের কথা জানিয়েছেন ট্রাম্প। প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ চাওয়ার এই বক্তব্য দুই দেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্ককে নতুন আলোচনায় এনেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এসব অর্থ ফেরত পেতে যাচ্ছি। তারা এটি করতে বাধ্য, শতভাগ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না।”

ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি তুলে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইসরায়েল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত।

ট্রাম্পের এই বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এত দিন ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে এসেছে। তবে এবার সেই সহায়তার বিনিময়ে অর্থ ফেরত চাওয়ার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট।

কত অর্থ দিতে হতে পারে ইসরায়েলকে?

যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ইসরায়েলের কাছে কত অর্থ দাবি করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক জানাননি ট্রাম্প। তবে মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, ১৬ অক্টোবর পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। এর মধ্যে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

এই বিপুল ব্যয়ের কতটা ইসরায়েলের কাছ থেকে আদায় করা হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্পের অভিযোগ, ইসরায়েলই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে। সে কারণে ক্ষতিপূরণের বড় অংশ ইসরায়েলের কাছে দাবি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিপূরণের তালিকায় মধ্যপ্রাচ্যের আরও পাঁচ দেশ

ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও অর্থ আদায়ের কথা জানিয়েছেন ট্রাম্প। এর আগে গত জুলাই মাসেও সামরিক নিরাপত্তা দেওয়ার বিনিময়ে এসব দেশের কাছ থেকে অর্থ নেওয়ার কথা বলেছিলেন তিনি।

তবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি এক নয়। ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিয়েছিল ইসরায়েল। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর দাবি, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র তাদের কিছু জানায়নি। বরং ইরানের পাল্টা হামলায় এসব দেশের সামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাস্তবে কতটা সম্ভব ট্রাম্পের পরিকল্পনা?

শেষ পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে সরাসরি যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের অর্থ আদায় সহজ হবে না। তবে ইসরায়েলের কাছ থেকে বিভিন্ন অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন ট্রাম্প। বিশেষ করে দেশটিতে মার্কিন সামরিক সহায়তা কমানোর বিষয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যের পর বিষয়টি নতুন গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানো কিংবা নতুন করে মার্কিন অস্ত্র কেনার প্রতিশ্রুতিকে যুদ্ধের ব্যয় পরিশোধ হিসেবে তুলে ধরতে পারে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ, সরাসরি ক্ষতিপূরণ আদায়ের পরিবর্তে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা নেওয়ার পথ বেছে নেওয়া হতে পারে।

তবে বেশিরভাগ বিশ্লেষকের ধারণা, ট্রাম্পের এমন বক্তব্যের পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সামাল দেওয়া এবং ভোটারদের সন্তুষ্ট করতেই তিনি এ ধরনের বক্তব্য দিচ্ছেন বলে মনে করছেন তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন