আন্তর্জাতিক

শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে রেজায়ি বলেন, শান্তি আলোচনা শুরুর বিষয়ে ইরানের উত্থাপিত সাতটি শর্তের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক বা আলোচনা হওয়ার খবরও তিনি নাকচ করেন।

রেজায়ির অভিযোগ, অর্থনৈতিক চাপ প্রশমিত করা এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর উদ্দেশ্যেই ওয়াশিংটন আলোচনার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা প্রচার করছে। যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রতিক্রিয়াও ইরানের কাছে গ্রহণযোগ্য হয়নি। 

বরং সেটিকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে তিনি বলেন, তেহরান এখনো সুনির্দিষ্ট জবাবের অপেক্ষায় রয়েছে।

ইরান এখন পর্যন্ত তাদের সাতটি শর্তের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। তবে রেজায়ি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য অনুযায়ী, এসব শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ তুলে নেওয়া এবং সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করা। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের ওপর গুরুত্ব দিচ্ছে ইরান।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের শর্তগুলো মেনে নেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, সামরিক শক্তি প্রয়োগ কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে ইরান সংকটের সমাধান করা যাবে না। সম্মানজনক আচরণ, কূটনৈতিক উদ্যোগ এবং ইরানের দাবিগুলোকে গুরুত্ব দেওয়ার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন