দেশজুড়ে

পাবনায় শীতের আগমনী হাওয়া, ঈশ্বরদীতে তাপমাত্রা ২০.২ ডিগ্রি

পাবনার ঈশ্বরদীতে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। দিনের বেলায় রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর অনুভূত হচ্ছে ঠান্ডা। ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশাও দেখা যাচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, শহরের তুলনায় গ্রামাঞ্চলে শীতের প্রভাব কিছুটা বেশি। শীতের আগমনী বার্তা পেয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই ব্যবহার করতে শুরু করেছেন গরম কাপড়।

বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষের গায়ে দেখা যাচ্ছে হালকা শীতের পোশাক। তবে শীতের শুরুতেই উদ্বেগ বাড়ছে ছিন্নমূল, ভাসমান ও নিম্ন আয়ের মানুষের মধ্যে। তাপমাত্রা আরও কমলে রাতযাপন, শীতবস্ত্রের অভাব ও দৈনন্দিন জীবনযাপন নিয়ে তাদের দুর্ভোগ বাড়তে পারে।

স্থানীয়দের মতে, শীতের তীব্রতা বাড়লে সবচেয়ে বেশি বিপাকে পড়েন দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও খোলা আকাশের নিচে বসবাস করা পরিবারগুলো। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় এবারও তাদের কষ্ট বাড়ার আশঙ্কা রয়েছে।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সোমবার ভোর ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন