দেশজুড়ে

সাংবাদিক রবিনের বাড়িতে হামলার প্রতিবাদ জানাল ওইএস

দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান অনলাইন এডিটরস সোসাইটির সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।

বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে রবিনের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা রবিনের বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করে।

একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতাকে অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন ওইএস নেতারা।

বিবৃতিতে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে সংগঠনটি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন