বিক্ষোভে হামলার অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে গেল জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে কর্মকাণ্ড চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিওবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে।
দেশটির বিচার বিভাগের অভিযোগ, বিক্ষোভ চলাকালে তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। এছাড়া কারাজ শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেন তারা। এতে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
জানুয়ারির বিক্ষোভের ঘটনায় গেল কয়েক মাসে ইরানে আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দণ্ডিত ব্যক্তিরাও রয়েছেন।
এমএ//