আন্তর্জাতিক

ইরানে নতুন হামলা হলে ৫ গুণ বেশি শক্তিশালী হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের উত্তেজনা আরও না বাড়িয়ে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষেই মত দিয়েছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে দেওয়া এক ফোনালাপে এসব তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে বিষয়টি প্রকাশ্যে স্বীকার করছে না তেহরান।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলা জয় করেছি, এবং আমরা ইরান জয় করেছি। আমরা তাদের নৌবাহিনী উড়িয়ে দিয়েছি, বিমানবাহিনী উড়িয়ে দিয়েছি। তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছি এবং নেতাদের নির্মূল করেছি।’

চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু প্রকাশ্যে তা বলছে না।’

ইরানের পারমাণবিক স্থাপনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি সেখানে নতুন করে কোনো কার্যক্রম শুরু করলে যুক্তরাষ্ট্রকে আবারও হামলা চালাতে হতে পারে। 

পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করে তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। কারণ, দেশটি সেই অস্ত্র ব্যবহার করতে পারে।

উপসাগরীয় দেশগুলোর অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে।  আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ শক্তিশালী নতুন হামলা চালানোর চেয়ে বর্তমান পদ্ধতিতে এগিয়ে যাওয়াই ভালো বলে জানিয়েছে দেশগুলো।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও পড়ুন