হামলার আশঙ্কায় পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপ
সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৩ ডিসেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। আগে ২৪ দলের এই আসর ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি আয়োজনের কথা ছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক পরিস্থিতি, যাতায়াতে বিঘ্ন এবং আয়োজন সংক্রান্ত বিভিন্ন জটিলতা বিবেচনায় নিয়ে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের সূচি পরিবর্তন হলো। এর আগে ২০২৩ সালের আসরটি করোনা মহামারির কারণে চীন থেকে কাতারে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২৪ সালে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।