সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে জুনিয়র বন্ধুর বিরুদ্ধে হত্যা মামলা
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে নৌপুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উত্তরখান থানায় মামলাটি করা হয়।
নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। এ মামলায় দীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনায় আরও তথ্য জানা যেতে পারে। মামলাটি উত্তরখান থানায় হলেও তদন্ত করবে নৌপুলিশ।
এর আগে, গেল ২০ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেলে উত্তরখান থানার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে নৌপুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় কয়েকজন লোক তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই মাজার বস্তি এলাকার হোন্ডা গলি থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
শুক্রবার দীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। পরে রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমএ//