ইরানে হামলার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানে আবারও হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বরের মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই এই হামলা হতে পারে।
তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও।
এ বিষয়ে আলোচনার সঙ্গে অবগত কর্মকর্তাদের ধারণা, হামলাটি তীব্র হবে তবে স্বল্পস্থায়ী। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো উত্তেজনা প্রশমনে ওয়াশিংটনের কাছে আহ্বান জানিয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর বিরোধিতা করলেও তিনি অবাক হবেন না।
গেল ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা করেনি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে হামলা করা হবে না।
তবে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এমএস নাওকে বলেছেন, সংবেদনশীল সামরিক পরিকল্পনা থাকতে পারে বা নাও থাকতে পারে। সেগুলো নিয়ে তারা মন্তব্য করবেন না।
ওই কর্মকর্তা আরও বলেছেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।
এমএ//