রাজধানী

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সুরির (২৮) মৃত্যুর ঘটনায় তার বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। শুক্রবার সকালে পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, দীপকে পিবিআই মেট্রো উত্তরের কার্যালয়ে নেওয়া হয়েছে। ঘটনার আগের রাতে তাহসিফের সঙ্গে তিনি বের হয়েছিলেন এবং একসঙ্গে সময় কাটিয়েছিলেন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার দেওয়া তথ্য যাচাই করা হবে।

প্রসঙ্গত, গেল মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বাসা থেকে বের হওয়ার সময় সঙ্গে নেওয়া মোটরসাইকেলটিরও সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনেরা।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ফুটেজে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেছেন।

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাবা কে এম এনায়েতুল করিম। তার দাবি, এটি আত্মহত্যা নয়। তিনি বলেন, সরকার তদন্ত করলে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন