রাজধানীতে দুই বাসের অসুস্থ প্রতিযোগীতা কেড়ে নিল যুবকের প্রাণ
রাজধানীতে দুই বাসের প্রতিযোগীতার মধ্যে চাপা পড়ে শহিদুল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শহিদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজে এ ঘটনা ঘটে। আজ (৩০ অক্টোবর) রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছোট ভাই জুয়েল রানা বলেন, শহীদুল্লাহ গত শনিবার চীন ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন তিনি। দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। এ সময় দুই বাসের প্রতিযোগীতার মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন । আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ৯টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় রাইদা পরিবহণের একটি বাস ও এর চালককে আটক করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে শহীদুল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমজে/এ