নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি
নভেম্বরের শুরুতেই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে দুটি বিশেষ দিনের ছুটি। এতে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন ও ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবারও সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি থাকছে। এরপর রোববার শ্যামাপূজার ছুটি মিলিয়ে শুক্র, শনি ও রোববার টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ। একই সঙ্গে বন্ধ থাকবে সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।
তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের জন্য একই সময়ে ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।