১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত থেকে এ তথ্য জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে। এ সময়ে প্রতিদিন পর্যটক ভ্রমণের সীমা ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ জন করা হয়েছে।
পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপটির পর্যটন ও যাতায়াত ব্যবস্থাপনায় নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে দ্বীপে যাতায়াত ও পর্যটকদের অনুমতির ক্ষেত্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং নৌপরিবহন অধিদপ্তর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।
এমএ//