আন্তর্জাতিক

ফ্রান্সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় হাজারো মানুষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওঁতে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তায় নেমেছেন প্রায় ২ হাজার মানুষ।বিক্ষোভ চলাকালে পুলিশের দিকে আতশবাজি ছোড়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। 

শনিবার (২৪ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের বেশির ভাগই লিওঁর সপ্তম প্রশাসনিক এলাকায় জড়ো হন। তবে তারা ওই এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিলেন বলে স্থানীয় সংবাদপত্র ল্যু প্রোগ্রেকে জানিয়েছেন প্রশাসনের এক কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশের লক্ষ্য করে আতশবাজির মর্টার ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতের অবনতিশীল পরিস্থিতির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে লিওঁর কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। আগের সপ্তাহের বিক্ষোভে সহিংসতার ঘটনার পর শহরটিতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়।

এদিকে, মার্সেই শহরে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে প্রশাসন ও শ্রমিক ইউনিয়ন। স্থানীয় সংবাদপত্র লা প্রোভঁসের প্রতিবেদনে বলা হয়েছে, বুশ-দ্যু-রোন প্রশাসনের হিসাবে সেখানে ১৭ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়ন সিজিটির দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪০ হাজার।

আইক্স-আঁ-প্রোভঁস শহরে বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও সেখানে প্রায় এক হাজার মানুষ জড়ো হন। একইভাবে নঁতে শহরের নিষিদ্ধ এলাকায় বিক্ষোভকারীরা সমবেত হলে বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন।

পশ্চিম ফ্রান্সের আরও কয়েকটি শহরেও নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ হয়েছে। আঞ্চলিক সংবাদপত্র উয়েস্ট-ফ্রঁসের তথ্য অনুযায়ী, ভানে প্রায় এক হাজার, লরিয়ঁতে ১ হাজার ২০০ এবং পঁতিভিতে ৪৫ জন বিক্ষোভে অংশ নেন। নিষিদ্ধ থাকা সত্ত্বেও ব্রেস্ত শহরে প্রায় ১০ হাজার মানুষের মিছিল হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে চলমান এই আন্দোলনে শিক্ষার্থী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, শ্রমিক ইউনিয়ন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সমর্থকেরা অংশ নিচ্ছেন।

এর আগে গেল ১৭ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন শহরে বড় ধরনের বিক্ষোভ হয়। সেদিন কয়েকটি শহরে সহিংসতা ও লুটপাটের ঘটনাও ঘটে। নতুন করে বিক্ষোভ শুরু হওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন