জাতীয়

সংবিধান সংশোধনে বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দল কোনো প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিচার বিভাগকে বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব দিয়েছেন অনেকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গঠিত সংবিধান সংশোধন কমিটি একদলীয় শাসনের ক্ষমতা স্থায়ী করার চেষ্টা করেছিল। সেই কমিটির সঙ্গে গণতান্ত্রিক সরকারের অধীনে গঠিত বর্তমান কমিটিকে এক করে দেখা ঠিক হবে না।

বিএনপি তাদের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত প্রত্যাহার কিংবা শিথিল করুক—বিরোধী দল এমনটা চাইলে বৈঠকে এসে তা জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার।

গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো বিধান নেই। তবে গণভোটের বিষয়টি তারা স্বীকার করেন। গণভোটে উত্থাপিত প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও জনগণের রায়কে সম্মান জানানো হয়। ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কারসংক্রান্ত হবে বলেও জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে প্রস্তাব জানতে বিশিষ্ট নাগরিক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি।

এসব আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, রাষ্ট্রপতির ক্ষমতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের পদ্ধতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন