ইসরাইলগামী ফ্লাইটে বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের নিষেধাজ্ঞা এয়ার ফ্রান্সের
বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক কিংবা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের ইসরাইলগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বিরত রেখেছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ইসরাইলের বিতর্কিত নতুন নির্দেশনা মেনেই এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের প্রতিবেদন উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলগামী ফ্লাইটে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ক্রু হিসেবে না রাখার শর্তে সম্মতি দিয়েছে এয়ার ফ্রান্স।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩১টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তান। এসব দেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারী ফরাসি কর্মীরাও এ সিদ্ধান্তের কারণে ফ্লাইটের দায়িত্ব থেকে বাদ পড়ছেন।
নির্দেশনায় সরাসরি কোনো ধর্মের উল্লেখ না থাকলেও জাতীয়তার ভিত্তিতে এই বিধিনিষেধের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর মুসলিম পাইলট ও কেবিন ক্রুরা বৈষম্যের মুখে পড়ছেন বলে সমালোচনা উঠেছে।
এয়ার ফ্রান্স কর্মীদের দ্বৈত নাগরিকত্ব থাকলে তা দ্রুত জানাতে নির্দেশ দিয়েছে। নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ফ্রান্সে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিমান সংস্থাটি।
ইসরাইলি সংবাদমাধ্যম এন১২-এর তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর দেশটির পরিবহন মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী একটি বিমান ইসরাইলের বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে ফ্লাইদুবাইয়ের এক ওমানি সহ-পাইলটের বিরুদ্ধে। ওই ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে নতুন নিয়ম কার্যকর করে ইসরাইল।
ঘটনার পর ইসরাইলি বিমান সংস্থাগুলোও কর্মীদের ওপর নজরদারি জোরদার করেছে। একটি ইসরাইলি বিমান সংস্থা প্রায় দুই হাজার ৫০০ পাইলট ও কেবিন ক্রুর অতীত ইতিহাস যাচাই শুরু করেছে।
এদিকে, মিডিয়াপার্টের প্রতিবেদন প্রকাশের পর এয়ার ফ্রান্সের সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা দেখা দিলেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি সংস্থাটি।
এসি//