দেশজুড়ে

শর্ট সার্কিট থেকে টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, ধারণা ফায়ার সার্ভিসের

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টা। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টা পর্যন্ত কারখানাটিতে আগুন নেভানোর পরবর্তী কার্যক্রম চলে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। তবে কারখানার কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানার দ্বিতীয় ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পরও কারখানার বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুনের অবশিষ্টাংশ নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ জন্য ডাম্পিং কার্যক্রম চালানো হয় রাত সাড়ে ১০টা পর্যন্ত। কাজ শেষ করে এরপর ঘটনাস্থল ত্যাগ করেন ফায়ার সার্ভিসের সব ইউনিট।

অগ্নিকাণ্ডে কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের চতুর্থ তলা ও অন্য ভবনের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে গেছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, উৎপাদন যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পর বুধবার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহীন আলম জানান, ডাম্পিং কার্যক্রম শেষ করে বুধবার রাত সাড়ে ১০টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কারখানার মূল ফটক দিয়ে নিরাপত্তাকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রবেশ করতে পারলেও শ্রমিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ সময় কারখানার ফটকে গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন