দেশজুড়ে

নেত্রকোনায় আ.লীগের সাবেক এমপিসহ পাঁচ নেতার বাড়িতে আগুন

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনসহ পাঁচ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহমদ হোসেনের ভাতিজা শুকুর অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে ২০টি মোটরসাইকেলে ৪৫ থেকে ৫০ জন নেতাকর্মী উপজেলা সদরের রেলক্রসিং থেকে বের হন। তারা বিশকাকুনিয়া ইউনিয়নের বড় যাত্রাবাড়ী, হরিশতলা ও পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। 

এ সময় বাজারে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন। একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানাকে কুপিয়ে আহত করা হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রানাকে আহত করার ঘটনা ছড়িয়ে পড়ার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। রাত ১০টার দিকে তারা যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেন। এরপর পূর্বধলা আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তার ভাতিজা ও নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় আহমদ হোসেনের আরেক ভাতিজা শুকুর অগ্নিদগ্ধ হন।

পরে রাত ১২টার দিকে একই ইউনিয়নের পত্রিকা গ্রামের উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খানের বাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রহমান খান এবং মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ছাত্রলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের ভাই মিজানুর রহমান জানান, রাত ১২টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। পরে তার ভাই শুকুরকে বাথরুমে আটকে রেখে ঘরে আগুন দেওয়া হয়। এতে শুকুর গুরুতর দগ্ধ হন।

পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে যুবদল নেতা রানাকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন নেতাদের বাড়িতে আগুন দিয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করেন। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন নেতাদের বাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন