দেশজুড়ে

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, ভোরে মিলছে শীতের আভাস

ছবি: ফাইল ছবি

হিমালয়কন্যা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। গেল পাঁচ দিন ধরে জেলার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকায় রাত ও ভোরে শীতের অনুভূতি বাড়ছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেখা মিলছে হালকা কুয়াশারও।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের পাঁচ দিন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে ছিল। তেঁতুলিয়া আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তুলনায় রাতে তাপমাত্রা কমে যাওয়ায় ভোর পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে অনেকে চাদর গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে গভীর রাত ও ভোরে হালকা কুয়াশা পড়ছে। সকালের ঠান্ডা বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে।

তিনি বলেন, বর্তমানে জেলার তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন