আন্তর্জাতিক

হরমুজে নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর ইরান ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার (০৭ অক্টোবর) গ্রিসের রাজধানী এথেন্সে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। খবর আলজাজিরার।

রুবিও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে এবং এই জলপথ দিয়ে তেল পরিবহনের পরিমাণও সংঘাত শুরুর আগের পর্যায়ের কাছাকাছি ফিরে এসেছে। এ কারণে প্রণালিটির ওপর ইরানের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন মার্কো রুবিও। তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান একাধিক সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য যেকোনো চুক্তিতে ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে।

রুবিও আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ‘সম্পূর্ণ পতনের’ দিকে এগোচ্ছে। একই সঙ্গে ইরান শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে এমন অবস্থানে যেতে চাইছে, যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব হামলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্টতা রয়েছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রসঙ্গে রুবিও বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে এবং প্রয়োজন হলে এ অঞ্চলে সামরিক শক্তি ব্যবহার করা হবে। 

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে গ্রিসও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রিটিস।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন