আন্তর্জাতিক

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনোই ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তার দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন গালিবাফ।

তিনি জানান, আট মাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একমত হয়েছে তেহরান।

গালিবাফ জানায়, হরমুজ প্রণালিতে ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা আইন প্রযোজ্য নয়। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদও এই প্রণালির ক্ষেত্রে কার্যকর নয় বলে দাবি করেন তিনি। তার মতে, নৌপথটির ব্যবস্থাপনা ও চলাচলসংক্রান্ত নিয়ম নির্ধারণ করবে উপকূলীয় দুই দেশ ইরান ও ওমান।

গালিবাফ বলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ইরানের অবস্থান তুলে ধরা হয়েছে। শান্তি আলোচনা শুরুর জন্য তেহরানের সাতটি শর্তও জানানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।

শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড়, সব রণাঙ্গনে সংঘাত বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

ইরানের এই নেতা দাবি করেন, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব শর্ত অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে সেগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগের সম্মতিগুলোর বাইরে নতুন কোনো দাবি না তুললে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ না করলে সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে ওয়াশিংটনের প্রতি আস্থার অভাবই চুক্তির পথে সবচেয়ে বড় বাধা।

ইরানে নতুন করে মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে গালিবাফ বলেন, এমন পদক্ষেপ নিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও তাকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে।

গালিবাফ আরও বলেন, ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতির অবসান চায়। এ লক্ষ্য অর্জনে সামরিক সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন