কোটি টাকার হেরোইনসহ আটক মাদক কারবারির যাবজ্জীবন
সিরাজগঞ্জে প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান।
রফিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার ডিমভাঙ্গা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সলঙ্গা থানার রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২। এ সময় নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসটির যাত্রী রফিকুল ইসলামের কাছ থেকে ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন র্যাব সদস্যরা। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।
ঘটনার পর র্যাব-১২-এর ডিএডি মো. আমজাদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন হয়। পরে শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এমএ//