সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে একটি দোকান থেকে পান কিনে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন আশরাফ আলী। বাড়ি ফেরার পথে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ওসি জাহিদ হোসাইন বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
এমজে/এ