দেশজুড়ে

সিরাজগঞ্জে ভোক্তার অভিযান, ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৪ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রিক পণ্য, শিশু খাদ্য ও গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযানে পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ইলেকট্রিক পণ্য—বাল্ব, সুইচ, সকেট ও হোল্ডার উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়কে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না থাকার অপরাধে অনিক সুপার প্রা.লিমিটেডের মালিক মো. হেলাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শিশু খাদ্যের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকায় মিমি স্টোরের মালিক মো. আব্দুল কাইয়ুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে গ্যাস সিলিন্ডারের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয় এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে বাজারে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন