জাতীয়

প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশে বাধা: রাষ্ট্রপতি

রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করে।

বুধবার (০৭ অক্টোবর) সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাতে হাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ, ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

একই সঙ্গে দেশের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে হাবিপ্রবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে হাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে রাষ্ট্রপতি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এছাড়া হাবিপ্রবির উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারও সাক্ষাতে উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন