এসি মেরামতের সময় বিস্ফোরণে যুবকের মৃত্যু
রাজধানীর নয়াপল্টনে দোকানে এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামে একটি দোকানে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। এ সময় হঠাৎ এসির কম্প্রেসর বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই অনিক বর্মন জানান, জীবন এসি মেকানিক হিসেবে ওই দোকানে কাজ করতেন।
জীবনের বাড়ি গাইবান্ধা সদর থানার ভাটপাড়া গোপালপুর এলাকায়। তার বাবার নাম শচিন বর্মন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছিলেন ছোট।
এসি//