নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ
এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। এলপিজি নিয়ে তৈরি হওয়া সংকটও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেল যোগাযোগকে সরকারের অগ্রাধিকারের মধ্যে রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়েও সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি।
ডা. জাহেদ বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার সিদ্ধান্ত নেবে।
দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে তিনি জানান, ভিজিএফ কার্ডের আওতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি প্রতিটি কার্ডের বিপরীতে ২০ কেজি করে চাল দেওয়া হবে। মানুষের জীবনযাত্রার চাপ কিছুটা কমাতেই সহায়তার পরিধি ও পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হামলায় জড়িতদের প্রাথমিকভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথাও জানান তিনি। তবে এই প্রকল্পে অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি আলাদা আলোচনার বিষয় বলে উল্লেখ করেন তিনি।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এসব যানবাহন একেবারে নিয়ন্ত্রণহীনভাবে চলতে পারে না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে।
এসি//