দেশজুড়ে

সুনামগঞ্জের আলোচিত সেই এসিল্যান্ডকে প্রত্যাহার

সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে জামালগঞ্জের ইউনওকে নিয়ে দুটি পোস্ট করে আলোচনার জন্ম দেন এসিল্যান্ড শান্ত।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসিল্যান্ড মো. আরিফুর রহমান শান্তকে  জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মো. আরিফুর রহমান শান্ত শুক্রবার রাতে উপজেলা এসিল্যান্ডের ফেইসবুক আইডি থেকে ইউএনওকে জড়িয়ে এই পোস্ট দেন। পরে এ দুটি পোস্ট মুছে দেওয়া হয়।

এ নিয়ে জেলায় নানা আলোচনা-সমালোচনার মধ্যে রোববার জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক সাংবাদিকদের বলেন, বিষয়টি এরই মধ্যে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এসিল্যান্ড আরিফুর রহমান শান্তকে তার পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে তার বাসায় মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত খেতে আসেন এসিল্যান্ড ও তার স্ত্রী। একপর্যায়ে স্ত্রীকে রেখে বাসায় চলে যান এসিল্যান্ড। ১০ মিনিট পরেই পর পর দুটি পোস্ট দেন এসিল্যান্ড।

উপজেলা এসিল্যান্ডের ফেইসবুক আইডি থেকে প্রথম পোস্টে লেখা হয়, “আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন।”

এর পর আরেকটি পোস্টে লেখা হয়, “আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।” পরে এই দুটি পোস্ট এসিল্যান্ডের স্ত্রী মুছে দেন।

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী মিয়া বলেন, “ইউএনও স্যারের বাসায় এসিল্যান্ড স্যার দাওয়াত খেয়েছেন। দাওয়াত খেয়ে গিয়ে বাসায় ফেইসবুকে উল্টাপাল্টা পোস্ট দিয়েছেন।”

তিনি বলেন, “আমরা বাসায় গিয়ে উনাকে দেখে ও উনার স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি উনি মানসিকভাবে সুস্থ নন। উনার স্ত্রীও আমাদের বিষয়টি বলেছেন এবং দুটি ইনজেকশন চেয়েছিলেন। কিন্তু এই ইনজেকশন না পাওয়ায় তাকে সিলেট নিয়ে যাওয়া হয়।”

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন