দেশজুড়ে

সার মজুদ রাখার অভিযোগে জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে নির্ধারিত নিয়মের বাইরে ইউরিয়া সার মজুদ রাখার অভিযোগে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মো. মনিরুল ইসলাম (৪৫) ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ পদে রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে একটি অটোরিকশায় করে সার নেওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা বিষয়টি প্রশাসনকে জানালে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে কর্মকর্তারা মনিরুল ইসলামের গুদাম পরিদর্শন করেন। এ সময় সেখানে ১৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় নির্ধারিত বিধির বাইরে সার মজুদ রাখার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি গুদামে পাওয়া ১৮ বস্তা ইউরিয়া সার সরকারি অনুকূলে জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, ‘নিয়মের বাইরে সার মজুদের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুদ থাকা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।’

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন