মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার দাবি সৌদির
ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন জোট জানায়, হামলায় একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়ে। তবে এতে মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
জোটটির দাবি, হামলায় ব্যবহৃত ড্রোন পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে যে, এটি হুথিদের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হামলা।
সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, হুথিরা কাবা শরিফ ও মসজিদে নববীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করছে এবং মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা তারই অংশ। মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা তৈরির উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে বলেও দাবি করেছে জোটটি।
দুই পবিত্র স্থান রক্ষায় যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে হুথিরা জানিয়েছে, মদিনায় হামলার অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি, এর আগে মক্কায় হামলার চেষ্টার অভিযোগেও সৌদি আরব হুথিদের দায়ী করেছিল। সেই অভিযোগ সফল না হওয়ায় এবার মদিনায় হামলার নতুন দাবি তোলা হয়েছে।
এমএ//