পূর্ণ সামরিক শক্তিতে ‘ধ্বংসাত্মক আঘাত’ হানার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধের মধ্যে প্রয়োজন হলে পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করে শত্রুর বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
রোববার (২০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে দেওয়া বক্তব্যে গালিবাফ যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তবে পরিস্থিতি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছালে শত্রুকে পিছু হটতে বাধ্য করতে ইরানের সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
গালিবাফ বলেন, ‘যুদ্ধ করতে হবে, আবার আলোচনাও চালাতে হবে।’ তার মতে, যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জনের মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল অবস্থানে নেওয়া গেলে সেই অর্জনকে স্থায়ী করতে কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগানো উচিত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অবস্থান ‘সম্পূর্ণ স্পষ্ট, যৌক্তিক ও আপসহীন’ বলেও উল্লেখ করেন তিনি।
গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে ইরান সাতটি শর্ত দিয়েছে বলে জানা গেছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে তেহরান এসব শর্ত তুলে ধরেছে। ফলে চলমান যুদ্ধের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগের অগ্রগতি এসব শর্তের ওপর অনেকটাই নির্ভর করছে।
এমএ//