দেশজুড়ে

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে দুজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ইজিবাইকের চালক মো. কাইউম প্যাদা (৫০), যাত্রী জাহাঙ্গীর হাওলাদার (৩২), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী (২২)। তারা সবাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার বাসিন্দা। শিল্পী রানী ও তার মেয়ে বিথীকে চিকিৎসকের কাছে নিয়ে পটুয়াখালী এসেছিলেন। ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ ও বাসের আহত যাত্রীরা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘ইমরান ট্রাভেলস’ নামের বাসটি বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১১টার দিকে ধলুগাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে দুটি যানই সড়কের পাশের খাদে পড়ে যায়।

সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিল্পী রানী, বিথী রানী ও কাইউমের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের আরেক যাত্রী জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় বাসের অন্তত সাত যাত্রীও আহত হয়েছেন। আহতদের মধ্যে লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০) পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। তারা পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বাসিন্দা।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন