যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী গভর্নর হলেন ডেব হ্যাল্যান্ড
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন ডেমোক্র্যাট প্রার্থী ডেব হ্যাল্যান্ড। নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচনে জয়ী হয়ে দেশটির প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার ইতিহাস গড়েছেন তিনি। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী গ্রেগ হালকে পরাজিত করেছেন ৬৫ বছর বয়সী হ্যাল্যান্ড।
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, হ্যাল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ৬০ বছর বয়সী গ্রেগ হাল পেশায় ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন রিও র্যাঞ্চো শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে হ্যাল্যান্ডের এই জয়কে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। নিউ মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ নেটিভ আমেরিকান। দেশটির রাজনীতিতে আদিবাসীদের অংশগ্রহণ বাড়ার ধারাবাহিকতায় তার এই বিজয় এসেছে।
লাগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য ডেব হ্যাল্যান্ড নির্বাচনী প্রচারণায় নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন।
নিজেকে একক মা হিসেবে পরিচয় দেওয়া হ্যাল্যান্ড জানান, ত্রিশের কোঠায় আইন বিষয়ে পড়াশোনা শুরু করার আগে তাকে সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির ওপর নির্ভর করতে হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল মেডিকেইড, ডব্লিউআইসি ও খাদ্য সহায়তা কর্মসূচি।
আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে রাজনীতিতে তার পথচলায় রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অর্জন। এর আগে তিনি সান ফেলিপে পুয়েবলোতে উপজাতীয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি লাগুনা ডেভেলপমেন্ট করপোরেশনের পরিচালনা পর্ষদে প্রথম নারী সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।
২০১২ সালে নিউ মেক্সিকোতে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় আদিবাসী ভোটারদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হ্যাল্যান্ড। এর দুই বছর পর, ২০১৪ সালে লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনে অংশ নেন তিনি। একই বছর একটি অঙ্গরাজ্যের রাজনৈতিক দলের প্রধান হিসেবে নির্বাচিত প্রথম নেটিভ আমেরিকান নারী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
২০১৮ সালে কানসাসের শারিস ডেভিডসের সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন হ্যাল্যান্ড। এর মধ্য দিয়ে তারা কংগ্রেসে দায়িত্ব পালনকারী প্রথম দুই নেটিভ আমেরিকান নারী হিসেবে ইতিহাস গড়েন।
এরপর ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর ফলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়া প্রথম আদিবাসী ব্যক্তি হন হ্যাল্যান্ড।
এবার গভর্নর নির্বাচনে তার জয় এমন সময়ে এসেছে, যখন দেশটির রাজনীতিতে আদিবাসীদের অংশগ্রহণ বাড়ছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের নির্বাচনে দেশজুড়ে রেকর্ডসংখ্যক ৩৫৮ জন আদিবাসী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তবে যুক্তরাষ্ট্রে আদিবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার পথ ছিল দীর্ঘ। দেশটির অনেক অঙ্গরাজ্যে ১৯৬০-এর দশকের আগে তাদের ভোটাধিকার নিশ্চিত হয়নি। নিউ মেক্সিকোতে অবশ্য এর আগেই ভোট দেওয়ার অধিকার পান তারা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাবেক সেনাসদস্য ও ইসলেতা পুয়েবলো সম্প্রদায়ের সদস্য মিগুয়েল ট্রুহিলো নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের বিরুদ্ধে ভোটাধিকার নিয়ে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালে অঙ্গরাজ্যটির আদিবাসীরা ভোট দেওয়ার অধিকার লাভ করেন।
সর্বশেষ ২০২৩ সালে নিউ মেক্সিকো ‘নেটিভ আমেরিকান ভোটাধিকার আইন’-এর সংশোধিত সংস্করণ প্রণয়ন করে। এর ফলে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ও ভোটকেন্দ্র স্থাপনের বিষয়ে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মতামত দেওয়ার সুযোগ আরও বাড়ে।
এসি//