দেশজুড়ে

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। তবে মো. শান্ত (২৪) নামে আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুরের মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)। নিখোঁজ শান্ত টাঙ্গাইলের বাসিন্দা জুয়েলের ছেলে।

এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনজন। পরে বাড়ির সদস্যদের সঙ্গে তারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনজন পানিতে ডুবে যেতে থাকেন। তাদের উদ্ধারে এগিয়ে গেলে সৌরভও প্রবল স্রোতের টানে নদীতে তলিয়ে যান।

ঘটনার পর সঙ্গে থাকা ব্যক্তিরা স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সেদিন আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রাত হয়ে যাওয়ায় শুক্রবারের মতো অভিযান স্থগিত করে শনিবার সকালে আবার উদ্ধারকাজ শুরু করা হয়। পরে ডুবুরি দল তিনজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান চলছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন