নরসিংদীতে বাবা-মেয়ের সামনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মা ও শিশুপুত্র নিহত হয়েছে। বুধবার (২৭ মে) রাতে নরসিংদী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাথী বেগম (২৭) ও তার (১৮) মাসের ছেলে সাফওয়ান।
নিহতদের স্বজনদের ভাষ্য, দিনমজুর সুজন মিয়া ইজিবাইক চালিয়ে ও রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে পরিবার চালাতেন। ঈদ উপলক্ষে নরসিংদী শহরে স্ত্রী ও দুই সন্তানদের জন্য নতুন জামা-কাপড় কিনে বাড়ি ফিরছিলেন তারা।
পথে রেলস্টেশনে প্লাটফর্ম পার হওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা ও ছেলে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কান্নাজড়িত কণ্ঠে সুজন মিয়া জানিয়েছেন, চোখের সামনে স্ত্রী ও অবুঝ সন্তানকে হারিয়েছেন। ট্রেন আসতে দেখে চিৎকার করে থামানোর চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি। তার একটি কন্যা সন্তান আছে। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে এখন ঈদ কীভাবে পালন করবেন বুঝতে পারছেন না।
রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনের এক নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে ছিটকে পড়েন।
পিডি