একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৪ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ১ হাজার ৯ জনের মধ্যে ৯০৯ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৬৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৩৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ওই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এমএ//